বিশ্ব ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের রঙিন উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে উঠেছে নীলফামারী জেলা শহর। দুই দলের সমর্থকদের পৃথক বর্ণাঢ্য আনন্দ র্যালি, স্লোগান, পতাকা ও সাংস্কৃতিক আয়োজন শহরজুড়ে তৈরি করে এক অনন্য ফুটবল উৎসবের আবহ।
শুক্রবার (১২ জুন) দুপুরের পর থেকেই নীলফামারী শহরের ঐতিহাসিক বড় মাঠ এলাকায় জড়ো হতে থাকেন হাজারো ফুটবলপ্রেমী। আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরা সমর্থকরা ঢোল, ব্যান্ড পার্টি, ব্যানার, প্ল্যাকার্ড ও বিশাল পতাকা নিয়ে পৃথক দুটি র্যালিতে অংশ নেন।
র্যালিগুলো শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়, কালীবাড়ী মোড় ও কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পৌঁছায়। পথে পথে দুই দলের সমর্থকদের স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো শহর।
চৌরঙ্গী মোড়ে দুই দলের র্যালি মুখোমুখি হলে কিছু সময়ের জন্য তৈরি হয় উৎসবমুখর উত্তেজনা। তবে তা দ্রুতই রূপ নেয় সৌহার্দ্যপূর্ণ স্লোগান বিনিময় ও আনন্দঘন ক্রীড়া-উৎসবে। পুরো আয়োজনজুড়েই ছিল শান্তিপূর্ণ পরিবেশ।
আর্জেন্টিনা সমর্থকদের র্যালিতে বিশেষ আকর্ষণ ছিল বিশ্বকাপ ট্রফির আদলে তৈরি একটি প্রতীকী ট্রফি, যা দেখতে উৎসুক জনতা ভিড় করেন। অন্যদিকে ব্রাজিল সমর্থকরা নেইমার, ভিনিসিয়ুসসহ তারকাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড ও পতাকা নিয়ে অংশ নেন।
আর্জেন্টিনা সমর্থকরা বলেন, তাদের প্রিয় দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই আয়োজন। তারা আশা প্রকাশ করেন, দলটি আবারও বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করবে।
অন্যদিকে ব্রাজিল সমর্থকরা দাবি করেন, ফুটবলের ইতিহাসে তাদের দলই সবচেয়ে সফল ও নান্দনিক ফুটবল উপহার দিয়েছে। তারা আসন্ন ম্যাচে ব্রাজিলের জয় ও হেক্সা মিশন সফল হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও র্যালি শেষে পুরো নীলফামারী শহর রূপ নেয় এক বিশাল ক্রীড়া উৎসবে। প্রশাসনের তদারকি ও স্থানীয়দের সহযোগিতায় পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।