ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন শ্রমিক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (২৬ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর–চন্দ্রা মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা। তারা আলিফ গ্রুপের অধীনস্থ একটি কারখানার বকেয়া বেতন পরিশোধের দাবিতে এ কর্মসূচি শুরু করেন।
শ্রমিকরা জানান, কারখানার চলতি মাসসহ মোট তিন মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। একাধিকবার আশ্বাস দেওয়া হলেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি বলে তাদের অভিযোগ।
রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ শ্রমিকদের সরিয়ে দিতে লাঠিচার্জ ও ধাওয়া করে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।
এ ঘটনায় অন্তত ৯ জন শ্রমিক আহত হয়েছেন বলে দাবি করেছেন তারা।
সড়ক অবরোধের কারণে নবীনগর–চন্দ্রা মহাসড়কের উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে রাতের বেলা যাত্রী ও পরিবহন চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, কারখানার মালিকপক্ষ এবং জেনারেল ম্যানেজার (জিএম) বেতন না দিয়ে এলাকা ত্যাগ করেছেন। এতে তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা দ্রুত বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়েছেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বকেয়া বেতনের দাবির কারণেই অবরোধের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানিয়েছে, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।