পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যেও থেমে নেই রাষ্ট্রীয় কার্যক্রম। রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকেই জরুরি সরকারি কাজ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ঈদের ছুটিতে গুলশান এভিনিউর বাসভবনে অবস্থান করেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী। দেশের কোথায় কী হচ্ছে সেসব বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
বিশেষ করে সিটি করপোরেশনগুলোর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ঠিকভাবে চলছে কিনা তা নিশ্চিত করতে মেয়র ও প্রশাসকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন প্রধানমন্ত্রী। নাগরিক সেবা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।
সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি নিয়েও খোঁজ নিচ্ছেন তারেক রহমান। কোথায় কাজ চলছে, কোথাও গাফিলতি হচ্ছে কিনা এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে কথা বলে নিয়মিত আপডেট নিচ্ছেন তিনি।
ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। সড়ক, নৌ ও অন্যান্য পরিবহন ব্যবস্থার পরিস্থিতি সম্পর্কে তিনি জানেন।
এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী। ফার্মার্স কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন তিনি। উল্লেখ্য, ঈদের সরকারি ছুটি চলবে ২৩ মার্চ পর্যন্ত।
সার্বিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, ঈদের ছুটিতেও প্রশাসনিক কার্যক্রমে কোনো শিথিলতা নেই। বাসভবন থেকেই সক্রিয় থেকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে সরকার প্রধানের দায়িত্বশীলতার চিত্রই ফুটে উঠছে।