লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের নির্দেশনায় মাঠ পর্যায়ে নানা কার্যক্রম অব্যাহত রয়েছে।
শনিবার (৬ জুন) কালীগঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বর্ণাঢ্য র্যালী এবং সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে শুরু হওয়া র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর পর স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহানসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা, জমানো পানি অপসারণ এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রতিটি স্তরের জনগণের স্বতঃস্ফূর্ত সচেতনতা ও অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ কর্মসূচিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।