কুড়িগ্রামের চিলমারীতে ২ বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে নিখোঁজ হওয়ার দীর্ঘ ১২ঘন্টা পর বাড়ির পিছন থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায়। নিহত শিশু আয়শা খাতুন (২) ওই গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে আবারো খোঁজ করতে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটির মা রাশেদা বেগম বলেন, পারিবারিক শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, দিনের বেলা একই স্থানে খোঁজ করা হলেও তখন মরদেহটি পাওয়া যায়নি। এশার নামাজের পর আবার খুঁজতে গিয়ে একটি বাঁশের ওপর মরদেহটি দেখতে পাই।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।