গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি। ঘটনার সময় এলাকাবাসী তাদের ট্রাকে আগুন দিয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, কয়েকদিন ধরে এলাকায় গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছিল। রোববার রাতে গরু চুরি করতে আসা একদলকে স্থানীয়রা চারপাশ ঘিরে ধরে। বেশ কয়েকজন পালিয়ে গেলেও তিনজনকে ধরে গণপিটুনি দেওয়া হয় যার ফলে ঘটনাস্থলেই তারা মারা যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে পাঠিয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।