২০২৬ ফিফা বিশ্বকাপের নকআট পর্বে জায়গা নিশ্চিত করা প্রথম দল হলো সহ-স্বাগতিক মেক্সিকো। গ্রুপ ‘এ’-এর ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড এবং গ্রুপ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে তারা।
বৃহস্পতিবার দিবাগত রাতে গুয়াদালাহারা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে দারুণ লড়াই করে দক্ষিণ কোরিয়া। প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি তারা।
ম্যাচের ১৫ মিনিটে অধিনায়ক সন হিউং-মিন প্রায় গোল করে ফেলেছিলেন, তবে গোললাইন থেকে অসাধারণ ক্লিয়ারেন্স দিয়ে মেক্সিকোকে রক্ষা করেন এডসন আলভারেজ।
বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। ৫০তম মিনিটে দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সেউং-গিউ একটি সহজ বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান লুইস রোমো। ফাঁকা জালে বল পাঠিয়ে দলের হয়ে একমাত্র এবং জয়সূচক গোলটি করেন তিনি।
গোল হজমের পর আক্রমণের ধার বাড়ালেও সমতায় ফিরতে পারেনি দক্ষিণ কোরিয়া। শেষদিকে একাধিক আক্রমণ ঠেকিয়ে মেক্সিকোর জয় নিশ্চিত করেন গোলরক্ষক রাউল রাঞ্জেল, যার দুর্দান্ত ডাবল সেভ দলকে পূর্ণ তিন পয়েন্ট এনে দেয়।
এই জয়ের ফলে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে মেক্সিকো। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।
একই গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও চেক প্রজাতন্ত্র ১-১ গোলে ড্র করায় উভয় দলের সংগ্রহ এক পয়েন্ট করে। ফলে শেষ ম্যাচের আগে তাদেরও পরবর্তী পর্বে ওঠার সম্ভাবনা টিকে রয়েছে।