রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজে সংঘর্ষ ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কলেজটির অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং প্রদর্শক আলেয়া খাতুন হীরার অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, কলেজ পরিচালনায় অধ্যক্ষের ভূমিকা দায়িত্বশীল নয়। তাদের দাবি, তিনি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং প্রতিষ্ঠান পরিচালনায় অনিয়ম রয়েছে।
তারা আরও বলেন, নারী প্রদর্শককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কলেজের পরিবেশ অস্থির হয়ে ওঠে। দ্রুত সময়ের মধ্যে অধ্যক্ষ ও অভিযুক্ত প্রদর্শকের পদত্যাগ দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তারা বিএনপি নেতাদের বিরুদ্ধে ওঠা চাঁদা দাবির অভিযোগকে অস্বীকার করে বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি।
অভিযুক্ত প্রদর্শক আলেয়া খাতুন হীরা বলেন, তিনি নিয়মিত কলেজে হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়তেন যা তার মতে চাঁদা দাবিরই একটি রূপ। অধ্যক্ষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করায় তিনিও হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন।
অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক গ্রুপের পক্ষ থেকে চাঁদা দাবি করা হচ্ছিল। এসব দাবি প্রত্যাখ্যান করায় বিরোধের সূত্রপাত ঘটে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনাকে কেন্দ্র করে কলেজের ভেতরে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।