টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় আবারও মাতৃত্বের সুখবর দিয়েছেন। সম্প্রতি এক ইউটিউব ভ্লগে স্বামী কুণাল ভার্মার সঙ্গে তিনি নিজেই জানান, তাদের পরিবারে আসছে নতুন অতিথি।
ভ্লগে দেখা যায়, একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখিয়ে তিনি বিষয়টি নিশ্চিত করেন। এরপর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় শুভেচ্ছার ঢল।
২০২০ সালে দীর্ঘ প্রায় এক দশকের সম্পর্কের পর আইনি বিয়ের বন্ধনে আবদ্ধ হন পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। করোনা পরিস্থিতির কারণে বড় আয়োজন না করে তারা বিয়ের জন্য নির্ধারিত অর্থ সমাজসেবামূলক কাজে ব্যয় করেন যা সে সময় ব্যাপক প্রশংসিত হয়।
একই বছরের অক্টোবরেই তাদের প্রথম সন্তান কৃষভের জন্ম হয়। চার বছর পর আবারও নতুন সদস্যের আগমনের অপেক্ষায় এই তারকা পরিবার।
নতুন ভ্লগে পূজা শুধু সুখবরই দেননি পাশাপাশি দ্বিতীয় সন্তানের আগমনে পারিবারিক জীবনে যে পরিবর্তন ও দায়িত্ব বাড়ে সে বিষয়েও খোলামেলা আলোচনা করেছেন।
তিনি জানান, একটি সন্তান থেকে দুই সন্তানের পরিবারে রূপান্তর সবসময়ই নতুন চ্যালেঞ্জ তৈরি করে তবে তারা সেই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করছেন।
অভিনয় জগতে পূজা বন্দ্যোপাধ্যায় বেশ পরিচিত মুখ। দেবের বিপরীতে ‘চ্যালেঞ্জ ২’ সিনেমার মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন।
এরপর ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’সহ একাধিক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ওয়েব সিরিজের জগতেও তার উপস্থিতি রয়েছে, যেমন ‘পাপ’ ও ‘ক্যাবারে’।
বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি টেলিভিশনেও সমান জনপ্রিয় পূজা। ‘কাহানি হামারে মহাভারত কি’ এবং ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’–র মতো ধারাবাহিক তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি।
এছাড়া নৃত্যভিত্তিক রিয়েলিটি শো ‘বাংলা ড্যান্স বাংলা ড্যান্স’-এ বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা বন্দ্যোপাধ্যায় ও তার পরিবারের জন্য শুভকামনা জানাচ্ছেন ভক্তরা। নতুন অতিথিকে ঘিরে এখন উচ্ছ্বাসে ভরপুর তারকা পরিবার।