ঢাকার ধামরাইয়ে এক রাতে ৬ বাড়ীতে চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৮জুন) দিবাগত রাতে ধামরাই পৌরশহরের ছয়বাড়ীয়া এলাকায় চুরির ঘটনা ঘটে। এই সময় ঘরের ভিতরে থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে যায়। এরপর থেকে ঐ এলাকায় আতস্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, সকাল বেলা ঘুম থেকে জেগে জানতে পারে যে প্রতিবেশি মোরশেদ আলম, মোঃ হাবিব ইসলাম, নুর মোহাম্মদসহ ছয়জনের বাড়ীর ঘরের জানালা খোলে ও ভেঙে ভিতর থেকে নগদ টাকা ও মোবাইল এবং ঘরের ভিতরে ও বাইরে থাকা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র চোরে নিয়ে গেছে। এতে এলাকায় চোরের আতংক বিরাজ করছে।
ভুক্তভোগী মোরশেদ আলম সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় ঘরের দরজা জানালা বন্ধ করে রাতে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাসার দ্বিতীয় তলার পুর্ব পশ্চিম পাশে জানালা খোলে দুটি মানিব্যাগ, একটি ভ্যানিটিব্যাগ ও নগদ টাকা নিয়ে গেছে।
এই বিষয়ে ভুক্তভোগী হাবিব ইসলাম ও নুর মোহাম্মদ বলেন, রাতে আমার ঘরের উত্তর পাশের জানালার লক ভেঙ্গে নগদ টাকা ও মোটরসাইকেলের কাগজপত্র নিয়ে গেছে। অপরজন বলেন আমার বাড়ীর পশ্চিম পাশের জানালা ভেঙে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। এছাড়া স্বপন নামে আরেক ব্যাক্তির বসত ঘরের দক্ষিণ পাশের জানালা ভেঙে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান সাংবাদিকদের জানান, পৌরশহরের ছয়বাড়ীয়া এলাকায় চুরির ঘটনায় ভুক্তভোগীরা একটি অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে, দ্রুত চোরদের গ্রেপ্তার করা হবে।