ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে রিনা সরকার (৫০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
আজ শুক্রবার (১৩মার্চ) সকাল ১০টার দিকে ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিনা সরকার ধামরাই পৌরশহরের পূর্ব কায়েত পাড়া এলাকার জিতেন্দ্র সরকারের স্ত্রী। জিতেন্দ্র সরকার পৌরশহরের একটি প্রিন্টিং কারখানায় চাকরি করেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সকাল বেলা উপজেলা পরিষদের পুকুরের চারপাশ দিয়ে হাঁটতে বের হন রিনা সরকার। বেলা ১০টার তার মৃত দেহ পুকুরে ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ছেলে অজয় সরকার জানান, সকাল আব্বা অফিসে যায়। মা সকাল বেলা আমাকে ঘরে রেখে হাঁটতে বের হয়। পরে আমি ঘুম থেকে জেগে দেখি বাহির থেকে দরজা লাগানো। আম্মু প্রতিদিন আমাকে ঘরে এভাবে রেখে হাঁটতে যায়। আমার মার পেশার ও ডায়াবেটিকস ছিল। তাই প্রতিদিন হাঁটতেন।
এই বিষয়ে ধামরাই ফার্য়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, সকাল বেলা উপজেলা পরিষদ থেকে খবর পায় একজন মহিলা পানিতে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মহিলাকে উদ্ধার করে দেখি তিনি মারা গেছেন। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করি।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সকাল বেলা উপজেলা পরিষদের মন্দিরে পুজা করে পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।