আবেগ, অভিজ্ঞতা, নিরাপত্তাবোধ ও অপূর্ণ চাহিদার সঙ্গে গভীরভাবে জড়িত থাকে সম্পর্কের হিসেব। দু’জন মানুষের মধ্যে আকর্ষণ কখনও শুধু বাহ্যিক সৌন্দর্য বা বয়সের ওপর নির্ভর করে না।
মনোরোগ বিশেষজ্ঞদের মতে অনেক সময় দেখা যায় পুরুষ তার থেকে বয়সে বড় নারীকে ভাল বেসে ফেলেন। এই ভালবাসা বা প্রেমের পেছনে থাকে মনস্তাত্বিক একাধিক কারণ।
বয়সে বড় নারীর জীবনের অভিজ্ঞতার পরিধি বেশ বড়। জীবনের পথে হাঁটতে গিয়ে তারা নানা অভিজ্ঞা অর্জন করে থাকেন। বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, তা তারা ভালোভাবে জানেন। ফলে তাদের আবেগগত স্থিরতা অনেক বেশি।
অল্পবয়সী পুরুষদের কাছে নারীদের এই অভিজ্ঞতা ও ভারসাম্য আকর্ষণীয় হয়ে ওঠে। যারা প্রায়ই বিভ্রান্তি, চাপ এবং অনিশ্চয়তার মধ্যে থাকেন, তারা স্বাভাবিকভাবেই শান্ত ও সংযত ব্যক্তিত্বের প্রতি আকৃষ্ট হন। এতে তারা নিরাপদ ও আশ্বস্ত বোধ করেন।
এ ক্ষেত্রে শৈশবের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেসব পুরুষ মায়ের সঙ্গে গভীর আবেগগত বন্ধন ছিল বা যারা বড় হওয়ার সময় যথেষ্ট মানসিক যত্ন পাননি, তারা প্রায়ই এমন সম্পর্ক খোঁজেন যেখানে উষ্ণতা ও স্নেহের উপস্থিতি থাকে।
বয়সে বড় নারীরা অনেক ক্ষেত্রে সেই আবেগগত স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি দিতে সক্ষম হন।
বয়সে বড় নারীরা সাধারণত নিজেদের চাওয়া-পাওয়া সম্পর্কে বেশি সচেতন থাকেন । সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও নিজের অবস্থান পরিষ্কারভাবে তুলে ধরার দক্ষতা অনেক পুরুষের কাছে অত্যন্ত আকর্ষণীয়।
কিছু পুরুষের জীবনে সঠিক লক্ষ্য বা মানসিক সমর্থনের প্রয়োজন হয়। অভিজ্ঞ নারীদের দেওয়া পরামর্শ, উপলব্ধি ও বাস্তবতাবোধ তাদের জীবনে স্থিরতা আনে।
বয়সে বড় নারী ভিন্নভাবে জীবনকে দেখেন। তারা সরল এবং দৃঢ়প্রতিজ্ঞ; আবেগ ও যুক্তির মধ্যে বিভ্রান্ত হন না। যুক্তিকে ভালোবাসার সঙ্গে মিশিয়ে ফেলেন না এবং সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে বোঝেন।
এটি তাদের আকর্ষণীয় গুণাবলীর মধ্যে অন্যতম।
সামাজিক বিদ্রোহের মনস্তত্ত্বও কিছু ক্ষেত্রে কাজ করে। বয়সে বড় নারী ও কম বয়সি পুরুষের সম্পর্ক এখনও সমাজে পুরোপুরি স্বীকৃত নয়। কিছু মানুষের কাছে এই সামাজিক বাধাই সম্পর্ককে আরও রোমাঞ্চকর করে তোলে।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞগণ আরও মনে করেন, বয়সের ব্যবধান কোনো সম্পর্কের সাফল্য বা ব্যর্থতার একমাত্র মাপকাঠি নয়। পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও আবেগগত পরিপক্বতাই সম্পর্কের ভিত্তি।
বিশেষজ্ঞদের মতে, এই আকর্ষণ অস্বাভাবিক নয়, তবে সম্পর্কটি উভয় সঙ্গীর জন্য স্বাস্থ্যকর ও কল্যাণকর কি-না— সেটিই বিবেচ্য ও গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা।