ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে আলোচনায় থাকা জনপ্রিয় কণ্ঠশিল্পী ও দলীয় নেত্রী বেবি নাজনিন শেষ পর্যন্ত মনোনয়ন পাননি।
সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩৬ জন নারী প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় বেবি নাজনিনের নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্র জানায়, রোববার (১৯ এপ্রিল) রাতে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠকে দীর্ঘ আলোচনার পর ত্যাগী, অভিজ্ঞ ও মাঠপর্যায়ের সক্রিয় নারী নেত্রীদের অগ্রাধিকার দিয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়।
এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে প্রার্থীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও আন্দোলন-সংগ্রামে ভূমিকা তুলে ধরেন।
সংরক্ষিত আসনের মনোনয়ন দৌড়ে বেবি নাজনিনের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত তিনি চূড়ান্ত তালিকায় স্থান পাননি। দলীয় পর্যবেক্ষকদের মতে, এবার মূলত মাঠপর্যায়ে দীর্ঘদিন সক্রিয় নারী নেত্রীদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।