রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলার ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
বুধবার (৩ জুন) মামলার যুক্তিতর্ক উপস্থাপন হবে। অভিযোগ গঠনের পর মাত্র একদিনেই মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ সময় রামিসার পরিবারের সদস্য, তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং ম্যাজিস্ট্রেটসহ মোট ১৬ জন সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্যগ্রহণের সময় মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদালতে উঠে আসে।
সাক্ষীদের বক্তব্যে রামিসা হত্যার ঘটনাকে ঘিরে বিভিন্ন লোমহর্ষক তথ্য উপস্থাপিত হয়। সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা মাসহ পুলিশ কর্মকর্তারাও। এ সময় রামিসার পরিবার তাদের সন্তানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বুধবার মামলার আসামিপক্ষের আর্ত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করবেন আদালত।