ক্যালিফোর্নিয়ায় বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’ আয়োজন করেছে ‘সিনিয়র অ্যান্ড লাইফটাইম মেম্বার অ্যাপ্রিসিয়েশন ডে ২০২৬’। গত রোববার (১২ এপ্রিল) নর্থ হলিউডে অবস্থিত চার্চ অব সায়েন্টোলজিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রবাসে দীর্ঘদিন ধরে সংগঠনটির বিকাশ ও শক্তিশালী ভিত্তি গড়ে তোলায় যেসব প্রবীণ সদস্য অবদান রেখেছেন, তাদের সম্মাননা জানাতেই এ আয়োজন করা হয়। পাশাপাশি নতুন আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রমও এ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি আব্দুল মুনিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়েক আহমেদের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রবীণ সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় যা পরিচালনা করেন মহিলা সম্পাদিকা সুলতানা সুবহান ও সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম মাসুদ।
মূল পর্ব শুরুর আগে সংগঠনের তিন দশকের পথচলার স্মৃতিচারণ করে একটি স্লাইড শো প্রদর্শন করা হয়। এতে সংগঠনের প্রয়াত সদস্যদের অবদান স্মরণ করে তাদের রূহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আসাদ জামান।
অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ সদস্যরা তাদের অতীত অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন যা এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। কেউ কেউ সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ প্রতিটি টেবিলে গিয়ে প্রবীণদের হাতে উপহার তুলে দেন যা উপস্থিত সবার করতালিতে মুখরিত হয়ে ওঠে।
চা বিরতির পর দ্বিতীয় পর্বে নতুন আজীবন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়। সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাসির জেবুল নতুন সদস্যদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে গোলাপ ও সম্মানসূচক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে যাদের সম্মাননা দেওয়া হয় তারা হলেন মেহেরুন নেছা চৌধুরী, মমতাজ গজনভী, আলিন রেজা চৌধুরী, শাজনা বেগম, শেফা বেগম, পারভীন খান, বদরুন নেছা রহমান, সেলিমা বেগম, খুদেজা বেগম, নূরজাহান, পুতুল রহমান, রওশন আরা রুমি, সৈয়দা শাজেদা তাজ, জাকিয়া হাসান, কানিজ আয়েশা রুবি, পলি বেগম, ফাফসা বেগম, হামিদা বেগম, রিনা সুবহান, ফারজানা আহমেদ, মোহাম্মদ আবদুল মালিক, ফারুক চৌধুরী, সাফিকুর রহমান, টিয়া হাবিব, গোলাম রাব্বানী চৌধুরী, খাইরুল ইসলাম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুল হান্নান, ডা. রেজাউল করিম চৌধুরী, এনামুল কবির চৌধুরী, মো. জাহিদুল ইসলাম চন্দন, গোলাম কিবরিয়া, লুৎফুল কবির চৌধুরী, হাবিব আহমেদ, আলাউদ্দিন, কামরুল ইসলাম খান, হাফিজ জাকির হোসেন, এম এ মান্নান, মুহম্মদ হোসেন মানিক, সৈয়দ নাজরুল ইসলাম, সৈয়দ আবুল কালাম, বাবুল মিয়া, আবদুল কালাম, শামসুদ্দিন মানিক, আসাদুজ জামান ও মামুনুর রশিদ।
সভাপতি আব্দুল মুনিম তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যত সদস্য যুক্ত হয়েছেন, আজকের দিনেই তার প্রায় দ্বিগুণ সদস্য নিবন্ধিত হয়েছেন। তিনি আরও জানান, সদস্যদের অবদানে সংগৃহীত অর্থ দিয়ে শিগগিরই একটি লাভজনক প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বদরুল আলম চৌধুরী (শিপলু), সৈয়দ নাসির জেবুল, মইনুল হক, মুশফিকুর চৌধুরী, শিপার চৌধুরী, নজরুল আলম, শফিকুর রহমান, আবদুল বাসেত, শাজাহান আহমেদ, লোকমান হোসেন, শামসুল আরিফীন বাবলু, মাহতাব আহমেদ, লিপন চৌধুরী, আবুল রায়হান, আলী রেজা, ফেরদৌস খান, এমাজ উদ্দিন, মিজানুর রহমান, সুমেন আহমেদ, ফয়জু সুবহান, খায়রুল ইসলাম, নাসির, নাহিদ, সারওয়ার খান প্রমুখ।
উল্লেখ্য, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া দীর্ঘদিন ধরে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির উদ্যোগের মধ্যে রয়েছে চ্যারিটি ফান্ডের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান, শীতবস্ত্র ও খাদ্য বিতরণ, দুর্যোগকালীন সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। পাশাপাশি ক্যালিফোর্নিয়ায় প্রায় ২০ একর জমির ওপর একটি কবরস্থান নির্মাণ প্রকল্প বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে সংগঠনটির এসব কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে এবং অনেকের কাছে এটি অনুকরণীয় উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।