মানিকগঞ্জের অনুসন্ধানী সাংবাদিক জাহিদুল হক চন্দন দেশের অন্যতম বৃহৎ সাংবাদিক সম্মেলন ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এ ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন। এই সম্মেলন আয়োজন করেছে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)। দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত সাংবাদিকদের মধ্যে কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চন্দন এই স্বীকৃতি অর্জন করেন।
আগামী ৮ ও ৯ মে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিতব্য দুই দিনব্যাপী এই সম্মেলনে প্রায় ৪০০ জন সাংবাদিক অংশগ্রহণ করবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রায় চার হাজার আবেদন জমা পড়েছিল। এর মধ্যে স্টোরি আইডিয়ার মান যাচাই করে কেবলমাত্র ৬১ জন সাংবাদিককে ফেলো হিসেবে বেছে নেওয়া হয়েছে এবং সেই তালিকায় জায়গা করে নিয়েছেন মানিকগঞ্জের জাহিদুল হক চন্দন।
দীর্ঘদিন ধরে তথ্যভিত্তিক ও অনুসন্ধানী সাংবাদিকতায় কাজ করে আসা চন্দন স্থানীয় গণমাধ্যমে ইতিমধ্যেই সুপরিচিত। তিনি ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ স্থানীয় ইস্যু, অনিয়ম ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে রিপোর্ট তৈরি করে আসছেন।
সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা সাংবাদিক, সম্পাদক, গবেষক ও মিডিয়া বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। এতে উপস্থিত থাকবেন ইউনেসকো বাংলাদেশের প্রতিনিধি ড. সুসান ভাইজ, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ডন-এর সম্পাদক জাফর আব্বাস, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, আন্তর্জাতিক মিডিয়া আইন বিশেষজ্ঞ ড. জোয়ান বারাটা, কানাডার অনুসন্ধানী সাংবাদিক জুলিয়ান শের, নিউ এজ সম্পাদক নূরুল কবির, সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী, যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ, ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ।
জাহিদুল হক চন্দনের এই সাফল্যে মানিকগঞ্জের সাংবাদিক সমাজ ও শুভানুধ্যায়ীরা আনন্দ ও অভিনন্দন জানিয়েছেন।