দেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে অন্তত ৫১২ জন শিশু মারা গেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত) আরও ১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে একজনের ক্ষেত্রে হাম শনাক্ত হয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে সারাদেশে ১ হাজার ৯৬৭ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। আক্রান্ত শিশুদের বড় একটি অংশই রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
মোট ৬২ হাজারের বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে প্রায় ৪৯ হাজার শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজারের বেশি শিশু।
প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। ঢাকায় চারজন, চট্টগ্রামে দুইজন, সিলেটে চারজন, বরিশালে একজন এবং ময়মনসিংহে একজন শিশুর মৃত্যু হয়েছে সাম্প্রতিক সময়ে।
চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ঝুঁকি বেশি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের জনসমাগম এড়িয়ে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিচ্ছেন।
ক্রমবর্ধমান সংক্রমণ ও মৃত্যুহার দেশের শিশু স্বাস্থ্য ব্যবস্থার ওপর নতুন চাপ তৈরি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান ও জনসচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।