দেশের বাইরে পৃথক ঘটনায় হামলা ও অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়ার পর সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের প্রতি সমর্থন জানিয়েছেন ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে তিনি তাদের পাশে রয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সমর্থনের কথা জানান।
পোস্টে তাসনিম জারা উল্লেখ করেন, বিদেশে যারা হামলা, ডিম নিক্ষেপ এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তারা মূলত নিজেদের হতাশা এবং রাজনৈতিক ব্যর্থতারই প্রকাশ ঘটাচ্ছে।
তিনি আরও লেখেন, হাসনাত আবদুল্লাহ ও মোশাররফ করিমের পাশে আছি। জনগণের অধিকারের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।
এর আগে সোমবার পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এনসিপি ও আওয়ামী লীগ সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকায় এক পর্যায়ে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে।
অন্যদিকে, কলকাতায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে অপ্রীতিকর ঘটনার অভিযোগ উঠেছে। প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ফেসবুক পোস্টে দাবি করা হয়, নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে স্ত্রীসহ অবস্থানকালে কয়েকজন আওয়ামী লীগ সমর্থক তার প্রতি কটূক্তি ও উত্তেজনাকর আচরণ করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।