কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমুল হাসান (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের কিশামত মালতিবাড়ী গ্রামে দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল হাসান ওই গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের একটি বাড়িতে বৈদ্যুতিক লাইনের কাজ করার সময় মেইন সুইচ বন্ধ না করেই একটি বাল্বের হোল্ডারে সংযোগ দিতে যান নাজমুল। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে এলে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উলিপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদ ইবনে সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।#