গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর গণশুনানি উপলক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের আয়োজনে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মুশফিকুর রহমান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাওন মিয়া, গাইবান্ধা জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা।
ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় দুদকের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর ষ্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, এই গণশুনানিকে ঘিরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১ টি, শহরের পাবলিক লাইব্রেরী সামনে ১ টি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ১ টিসহ মোট ৩ টি স্থানে অস্থায়ী অভিযোগ বক্স উন্মুক্ত স্থানে সচেতন নাগরিকদের জন্য বসানো হয়েছে। পাশাপাশি সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ, মাইকিং করা হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন। গণশুনানিতে ভুক্তভোগীরা যাতে অভিযোগ নিয়ে আসতে পারে সে ব্যাপারে সকলকে কাজ করতে হবে।
অপরদিকে গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে, দুদকের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার সরকারি বিভিন্ন দপ্তরের নানা দুর্নীতির অভিযোগ মৌখিকভাবে জানানো হয়। গণমাধ্যমকর্মীরা প্রত্যাশা করেন এই কার্যক্রমের ফলে দুর্নীতি সম্পূর্ণভাবে নির্মূল করা না গেলেও অনেকটা নিয়ন্ত্রণে আসবে।