টেকনাফে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ এক পাচারকারীকে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ৭ মে বৃহস্পতিবার ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ বিওপি থেকে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে টেকনাফ সদরের হাজমপাড়া নামক স্থানে একটি বসতবাড়িতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুতরাখা হয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর পরিকল্পনায় মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবি’র আভিযানিক দল রাতের অন্ধকারে ভোরে ওই এলাকায় গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে।
পরে সাড়ে ৫ টার দিকে বিজিবি’র আভিযানিক দল হাজমপাড়া এলাকার মো. ইসহাকের নানার বসতঘর ও আশপাশের এলাকা নিশ্ছিদ্রভাবে ঘিরে ফেলে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মো. ইসহাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল তাৎক্ষণিকভাবে তাকে ঘটনাস্থল হতে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আটককৃত ব্যক্তি এই মাদকদ্রব্য মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ক্রয় করে নিয়ে আসে এবং মজুত করে রাখে।
আটককৃত আসামি হল টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়া এলাকার মো. ইউনুসের ছেলে মো. ইসহাক (২৬)।
এ ব্যাপারে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মো. হানিফুর রহমান জানান, আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।