ধামরাইয়ে বৈদ্যুতিক তার চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটে ধামরাই পৌর শহরের ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ে। জানা যায়, বিদ্যালয়ের ভবনের বৈদ্যুতিক তার কেটে নেওয়ার চেষ্টা করছিল । এমন সময় তা স্থানীয় জনতার নজরে এলে তারা তাকে আটক করে। আটককৃত যুবকের নাম সবুজ বলে জানা গেছে। তার বাড়ি কায়েতপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই যুবক। পরে ভবনের ভেতর থেকে বৈদ্যুতিক তার কাটার সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সে মাদকাসক্ত (মাদকসেবী) এবং চুরি করে মাদক কেনার টাকা জোগাড় করত বলে অভিযোগ রয়েছে। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে ছেড়ে দেয় স্থানীয় জনতা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: রবিউল আওয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।