আবারও সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পাননি জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনীত ৩৬ জন নারী প্রার্থীর নাম ঘোষণা করা হলেও সেখানে তার নাম ছিল না।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত বাদ পড়েন কনকচাঁপা।
জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগেও দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
চলতি বছরের ১১ এপ্রিল সিরাজগঞ্জ-১ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে বিএনপির মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
১৯৭৮ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে পরিচিতি পাওয়া কনকচাঁপা দেশের সংগীতাঙ্গনে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয়।
চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সংগীত ও লোকগীতিতে সমানভাবে জনপ্রিয় এই শিল্পী তিন হাজারের বেশি চলচ্চিত্র গানে কণ্ঠ দিয়েছেন এবং প্রকাশ করেছেন ৩০টিরও বেশি একক অ্যালবাম।
তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং টানা চারবার মেরিল-প্রথম আলো পুরস্কারসহ একাধিক সম্মাননা অর্জন করেছেন।