ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৩জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৪০কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার (১২জুন) দিনগত রাতে সাভার আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি। আজ শনিবার (১৩জুন) সকালে তাদেরকে আদালতে প্রেরণ করেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রাজিব মিয়া (২৩), ব্রাক্ষণবাড়ীয়া জেলার আখাউড়া থানার দরুইন গ্রামের আহিদ মিয়ার ছেলে, রাকিব মিয়া (২২), ব্রাক্ষমবাড়ীয়া জেলার কসবা থানার গুপিনাথপুর গ্রামের নাসির মিয়ার ছেলে, মোঃ জুয়েল মিয়া (৩২) ব্রাক্ষমবাড়ীয়া জেলার কসবা থানার জেঠুয়ামুড়া এলাকার মোঃ জালাল মিয়ার ছেলে। তারা তিনজন একাধিক মামলার আসামী।
ডিবি পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলামের নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সসহ আমিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন মাদককারবারীকে ৪০কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে ডিবি।
ডিবি পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।