মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ব্যক্তিগতভাবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের কোনো আগ্রহ তার নেই। তবে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে প্রয়োজন হলে সরাসরি আলোচনায় বসা বা বৈঠক করার সম্ভাবনা তিনি উড়িয়ে দেননি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ জুন) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর কঠোর নিয়ন্ত্রণ নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য।
তিনি আরও সতর্ক করে জানান, কোনো হামলায় মার্কিন সেনাদের প্রাণহানি ঘটলে সেটিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুনরায় শুরু করার যথেষ্ট কারণ হিসেবে দেখা হবে।
সম্ভাব্য চুক্তির বিস্তারিত বিষয়ে তিনি সরাসরি কিছু জানাননি। তবে বলেন, আলোচনা প্রক্রিয়া চলমান রয়েছে এবং উপযুক্ত সময়ে বিষয়গুলো জনসমক্ষে আসবে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, কোনো চুক্তি হলে হরমুজ প্রণালী দ্রুত পুনরায় উন্মুক্ত করার বিষয়টিও আলোচনায় থাকবে।
সবশেষে তিনি বলেন, কূটনৈতিক পথ হোক বা সামরিক চাপ যে কোনো উপায়েই যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জন করবে বলে তিনি আশাবাদী।
তথ্যসূত্র: জিও নিউজ