জামায়াতে ইসলামীর গণতান্ত্রিক চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জামায়াত গণতান্ত্রিক দল কি না, সে বিষয়ে মূল্যায়ন তাদের আমিরেরই করা উচিত।
সোমবার (২৭ জুলাই) রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিভাগীয় পল্লী উন্নয়ন একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি সিলেটে এক জনসভায় জামায়াতে ইসলামীর আমির বিএনপির বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটার’ অভিযোগ তোলেন। এর প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদারপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। তিনি জামায়াতের আমিরকে দলের গঠনতন্ত্র ভালোভাবে পড়ার পরামর্শ দিয়ে বলেন, তাদের দল গণতান্ত্রিক কি না, সেটি তারাই নির্ধারণ করবেন।
তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। তাই বিএনপিকে ‘ফ্যাসিস্ট’ বলা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়; এ ধরনের মন্তব্য জ্ঞানের ঘাটতি বা পূর্বধারণা থেকে আসতে পারে।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষ দিকে নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। প্রয়োজন হলে আগামী বছরের শুরুতেও নির্বাচন হতে পারে।
এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার বলেও উল্লেখ করেন তিনি।
কৃষি খাতের প্রসঙ্গে তিনি জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। পাশাপাশি কৃষিকে লাভজনক করতে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ এবং কৃষিভিত্তিক শিল্পের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।