২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তাদের তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ মোট ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকালে তদন্ত সংস্থা আনুষ্ঠানিকভাবে নথিপত্র প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, তদন্ত প্রতিবেদনের সব তথ্য ও প্রমাণ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হচ্ছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, তদন্তে এখন পর্যন্ত কেবল ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের কিছু অংশ এখনও চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এ মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়।
মামলায় শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ছাড়াও তৎকালীন পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারকে আসামি করা হয়েছে। এছাড়া আসামির তালিকায় একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল হক বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা, সাংবাদিক শাহরিয়ার কবিরসহ আরও কয়েকজন গণমাধ্যমকর্মী ও বুদ্ধিজীবীর নাম রয়েছে।
তদন্ত প্রতিবেদনটি আগামী ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপনের কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে। দিনভর উত্তেজনা ও সংঘর্ষের পর গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে এলাকা খালি করা হয়। ওই অভিযানে বহু মানুষ নিহত হয়েছেন এমন অভিযোগের ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।
#শাপলাচত্বর #শাপলাচত্বরহত্যাকাণ্ড #হেফাজতইসলাম #আন্তর্জাতিকঅপরাধট্রাইব্যুনাল #শেখহাসিনা #আজিজআহমেদ #ট্রাইব্যুনাল #বাংলাদেশরাজনীতি #মানবতাবিরোধীঅপরাধ #মতিঝিল #