রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে শিগগিরই স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সূত্রে জানা গেছে, প্রচলিত বিধি অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংশ্লিষ্ট স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেই ধারাবাহিকতায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন।
এর আগে একই দিন সিইসির কার্যালয়ে সব নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে নিয়ে একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন-সংক্রান্ত আইন, বিধি এবং তফসিল ঘোষণার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, পরবর্তী কার্যক্রম নির্ধারণ এবং তফসিল ঘোষণার বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে স্পিকারের সঙ্গে বৈঠক করা হবে।
সংবিধান ও বিদ্যমান আইন অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। এ জন্য সংসদ সচিবালয় থেকে বর্তমান সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে। সেই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত করবে ইসি। এরপর নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, স্পিকারের সঙ্গে বৈঠক শেষে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের পরবর্তী সময়সূচি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া নির্ধারণ করা হবে।