দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ নিশ্চিত করাই বর্তমানে সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, লুটপাট এবং জ্বালানি খাতে ভুল নীতির কারণে দেশে জ্বালানি নিরাপত্তার ঘাটতি তৈরি হয়েছে। এর নেতিবাচক প্রভাব এখনো বিনিয়োগ ও শিল্পখাতে পড়ছে। তিনি বলেন, ২০২১-২২ সালে বৈশ্বিক কোভিড-পরবর্তী অর্থনৈতিক সংকট থাকলেও দেশের নিজস্ব নানা সমস্যাও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।
তিনি জানান, বর্তমানে বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলোকেই প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তাই আপাতত নতুন শিল্পে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, একটি দেশের শিল্পায়নের জন্য জ্বালানি নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি।
তথ্য উপদেষ্টা বলেন, দেশে স্থলভাগে গ্যাস অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সমুদ্রে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের জন্য দ্রুত দরপত্র প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। তবে সমুদ্র থেকে গ্যাস উত্তোলন শুরু হতে আরও কয়েক বছর সময় লাগতে পারে।
তিনি আরও জানান, এই সময়ের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বৃদ্ধি এবং ভোলার গ্যাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে জ্বালানির ঘাটতি কিছুটা কমানো যায়।
ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সংকট একদিনে সৃষ্টি হয়নি, তাই এর সমাধানও রাতারাতি সম্ভব নয়। অতীতের নীতিগত ভুলের মূল্য দেশকে এখনো দিতে হচ্ছে। তবে সরকার বাস্তব পরিস্থিতি বিবেচনায় আন্তরিকভাবে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে।
তিনি বলেন, সরকারের উদ্দেশ্য শুধু অতীতের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়া নয়; বরং প্রকৃত পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরা। এ বিষয়ে যে কেউ তথ্য-উপাত্তের ভিত্তিতে আলোচনা করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের আন্তরিকতার প্রসঙ্গ তুলে তথ্য উপদেষ্টা জানান, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদপত্রের সম্পাদকদের বৈঠকেও প্রধানমন্ত্রী বলেছেন, অতীতে প্রায় সব খাতেই নানা সমস্যা তৈরি হয়েছে। সব কাজ শতভাগ নিখুঁতভাবে করা সম্ভব না হলেও সরকার আন্তরিকভাবে পরিস্থিতির উন্নয়নে কাজ করছে এবং জনগণ সেই প্রচেষ্টা উপলব্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।