আগামী বছরের পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য প্রাথমিক নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২৭ জুলাই)। ধর্ম মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই সব গমনেচ্ছুকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে।
রোববার (২৬ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত রোডম্যাপ অনুসরণ করেই এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
যেভাবে করবেন প্রাথমিক নিবন্ধন
সরকারি ব্যবস্থাপনায় আগ্রহীরা ই-হজ সিস্টেমে নিজস্ব অ্যাকাউন্ট খুলে অনলাইনে নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।
কত টাকা জমা দিতে হবে
প্রাথমিক নিবন্ধনের জন্য সরকারি বা বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় সাড়ে তিন লাখ টাকা জমা দিতে হবে। তবে এর আগে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক।
চূড়ান্ত নিবন্ধনের জন্য আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করতে হবে।
কোথায় জমা দেবেন টাকা
সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্ধারিত ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিতে পারবেন। আর বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকারীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে। ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।
পাসপোর্ট ও অন্যান্য শর্ত
নিবন্ধনের সময় হজযাত্রীকে প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং পছন্দের হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত বৈধ মেয়াদসম্পন্ন পাসপোর্ট থাকতে হবে।
কারা হজে যেতে পারবেন না
ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এছাড়া হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, স্নায়বিক বা মানসিক জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, ডিমেনশিয়া রোগী, কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি গ্রহণরত ক্যানসার রোগী হজের অনুমতি পাবেন না।
এ ছাড়া যক্ষ্মা, হেমোরেজিক ফিভারের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং গর্ভাবস্থার শেষ দুই মাস বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীদেরও হজের জন্য উপযুক্ত বিবেচনা করা হবে না।