রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলন্ত ফেরি থেকে পদ্মা নদীতে ঝাঁপ দেওয়া এক নারীকে প্রায় চার ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে। নদীর স্রোতে ভেসে যাওয়ার সময় কচুরিপানা আঁকড়ে ধরে বেঁচে ছিলেন তিনি। পরে স্থানীয় জেলেদের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নারীর নাম লাইজু (৩৯)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ঝাউচর আশরাফাবাদের বাসিন্দা এবং মো. ফুরকান মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্র ও নৌপুলিশ জানায়, শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ‘কুমিল্লা’ নামের একটি ফেরি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট অতিক্রম করার সময় হঠাৎ পদ্মা নদীতে ঝাঁপ দেন লাইজু। খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করলেও রাতের অন্ধকারে তাকে খুঁজে পাওয়া যায়নি।
পরে রাত সাড়ে ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকায় মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলে নদীতে এক নারীর সাহায্যের আকুতি শুনতে পান। কাছে গিয়ে তারা দেখতে পান তিনি কচুরিপানা আঁকড়ে ভেসে আছেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় এক বাসিন্দার বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উদ্ধারের খবর পাওয়ার পর বিষয়টি দৌলতদিয়া নৌপুলিশকে জানানো হয়। নৌপুলিশের ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ওই নারীকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।
কোনো কারণে তিনি ফেরি থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।