রাত গভীর হওয়ার পরও দেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য মাত্রায় থাকছে। এর পেছনে ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইকের ব্যাপক ব্যবহারকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবিলা: জরুরি অগ্রাধিকারসমূহ এবং একটি টেকসই জ্বালানি ভবিষ্যতের পথ’ শীর্ষক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাত ১২টার পরও বিদ্যুতের চাহিদা প্রায় ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছে যাচ্ছে। রাতের এই বাড়তি চাহিদার পেছনে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত রিকশা ও ই-বাইক বড় ভূমিকা রাখছে। এসব যানবাহনের ব্যাটারি সাধারণত রাতে চার্জ দেওয়া হয়।
ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, এসব যানবাহনের একটি উল্লেখযোগ্য অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চার্জ দেওয়া হচ্ছে। অবৈধ সংযোগ বন্ধে সরকার অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক গ্যাস সংকট নিয়েও কথা বলেন জ্বালানিমন্ত্রী। তিনি জানান, মহেশখালীতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের একটি এফএসআরইউতে আকস্মিক আগুন লাগার ঘটনায় গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে।
মন্ত্রী বলেন, কারিগরি ত্রুটির পাশাপাশি আগুনের ঘটনা ঘটার পরপরই টার্মিনালের পাশে থাকা আরেকটি এলএনজিবাহী জাহাজ দ্রুত সরিয়ে নেওয়া হয়। দ্রুত ব্যবস্থা নেওয়ার কারণে বড় ধরনের দুর্ঘটনা বা বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।
তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিদ্যমান চাপ মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করা এবং বিদ্যুতের অপচয় রোধেও গুরুত্ব দেওয়া হচ্ছে।