নির্বাচনের প্রতিক্রিয়া জানাতে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয় নিশ্চিত করার পর এটাই হবে দলের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা–এর বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, সেখানে নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন চেয়ারপার্সন তারেক রহমান।
দলীয় সূত্র বলছে, সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতির রূপরেখা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন তিনি।
ইসির ঘোষিত বেসরকারি ফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ২১২টি আসন। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন এবং স্বতন্ত্রসহ অন্যান্য দল পেয়েছে ১৪টি আসন।
নির্বাচনের ফলাফল পাওয়ার পর গত শুক্রবার গভীর রাত পর্যন্ত গুলশানের কার্যালয়ে অবস্থান করে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক ও শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। সেখানে তিনি নতুন সরকার গঠনের প্রাথমিক রূপরেখা নিয়ে দফায় দফায় আলোচনা করেন।