ঢাকার ধামরাইয়ে উপজেলার চৌহাটি ইউনিয়নের দ্বি-মুখা গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ হায়াত আলী (৮০) পানিতে পড়ে মারা গেছেন।
শনিবার (১৪মার্চ) সকালে দ্বি-মুখা এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে (১৩ মার্চ) মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু আর বাড়ী পৌছেন নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ মার্চ মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু তিনি আর বাড়ী ফেরেননি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরদিন রাস্তার পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।
দ্বিমুখা গ্রামের এক বাসিন্দা বলেন, হাজী মোহাম্মদ হায়াত আলী একটি চোখে কম দেখতেন। অন্য একটি সূত্রে জানা যায় তার যথেষ্ট বয়স হয়েছে এবং তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্থ ছিলেন। এসব কারণে তিনি পুকুরে পড়ে থাকতে পারেন বলেন অনেকের ধারণা।
এই বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নুর আলম সাংবাদিকদের জানান, দ্বিমুখা গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ হায়াত আলীর মরদেহ পুকুর থেকে স্থানীয় জনগণ উদ্ধার করেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল তৈরি করি। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।