ঢাকার ধামরাইয়ে পৌরসভার আয়োজনে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে ধামরাই পৌরশহরের ধামরাই বাজার থেকে পরিছন্নতা অভিযান শুরু করা হয়। এতদসংক্রান্ত র্যালিটি ধামরাই বাজার হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে শেষ হয়।
ধামরাই পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র্যালিতে অংশগ্রহণ করেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি ও ঢাকা-২০ (ধামরাই) আসনের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন। এই সময় আরও উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী এসি (ল্যান্ড) রিদওয়ান আহমেদ রাফি প্রমূখ।
সাম্প্রতিক কালে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় গণসচেতনেতা বৃদ্ধির লক্ষ্যে ধামরাইয়ে পরিছন্নতা অভিযান ও র্যালি করা হয়।
জনগণের সচেতনতা বাড়াতে বক্তারা বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া একটি মারাত্মক রোগ। এ রোগ থেকে মুক্ত থাকতে হলে আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণ করা অত্যন্ত জরুরি। এজন্য সকলকে সচেতন হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।