জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দরিদ্র ও অসহায় মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছিলেন। ক্ষমতায় আসার পর রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের বিভিন্ন এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও হেলথ কার্ডও চালু করা হবে- বলেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান।
শনিবার (১৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশব্যাপী পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এক কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।
এ সময় তিনি উল্লেখ করেন, রোগে আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এজন্য সবাইকে নিজ নিজ ঘরবাড়ি, আঙিনা ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, বাড়ির আশপাশে ময়লা-আবর্জনা জমে থাকলে মশা-মাছির উপদ্রব বাড়ে, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতি শনিবার প্রতিটি ইউনিয়নে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে আগামী ১৬ মার্চ দিনাজপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খালকাটা কর্মসূচির উদ্বোধন করবেন। ওই দিন কেরানীগঞ্জেও দুটি খাল খনন কাজের উদ্বোধন করা হবে। এসব কথাও বলেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় খালকাটা কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল এবং খাদ্য উৎপাদন দ্বিগুণে উন্নীত হয়েছিল। সে সময় বাংলাদেশ বিদেশেও চাল রপ্তানি করেছিল- এমন সব কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুল সাত্তার বেগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি হাজী শামীম হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ওয়ালী উল্লাহ সেলিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।