নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জবাই করা ও জীবিত মিলিয়ে মোট ২০টি ঘোড়া উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোরে পূর্বাচল ১০ নম্বর সেক্টর এলাকার হারারবাড়ী নামক একটি নির্জন প্লটে এই অভিযান পরিচালিত হয়। স্থানীয়দের সন্দেহজনক তৎপরতা নজরে আসলে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দেন। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
অভিযানে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পায়, একটি চক্র জবাইয়ের উদ্দেশ্যে অন্তত ২০টি ঘোড়া সেখানে জড়ো করেছিল। এর মধ্যে ৯টি ঘোড়া ইতোমধ্যে জবাই করা হয়েছিল এবং বাকি ১১টি জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায় ফলে কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি গভীর রাতে নির্জন স্থানে ঘোড়া জবাই করে সেই মাংস গরুর মাংস বলে বাজারে বিক্রি করত। কম দামে বিভিন্ন দোকানে সরবরাহ করা হতো এই মাংস। ফলে সাধারণ ক্রেতারা না জেনেই তা গরুর মাংস ভেবে কিনে খাচ্ছিলেন।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। তাদের আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনা শুধু প্রতারণাই নয় জনস্বাস্থ্য নিয়েও বড় ধরনের প্রশ্ন তুলেছে। মাংসের উৎস, জবাই পদ্ধতি এবং সংরক্ষণ প্রক্রিয়া অজানা থাকায় এটি ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।