ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিনব কৌশলে অভিযান চালিয়ে কাওছার শেখ (৩৫) নামে এক পলাতক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। কৃষকের ছদ্মবেশে পরিচালিত এই ঝুঁকিপূর্ণ অভিযানে নেতৃত্ব দেন ভাঙ্গা থানার এএসআই মো. আতাউর রহমান।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কাওছার শেখ ঢাকা-খুলনা এক্সপ্রেসওয়ে ও ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে ২০২৪ সালের একটি ডাকাতি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে ভাঙ্গা উপজেলার হাসামদিয়া এলাকার একটি ফসলের মাঠে অভিযান চালায় পুলিশ। অভিযানের অংশ হিসেবে এএসআই আতাউর রহমান খালি গায়ে গামছা পরে কৃষকের ছদ্মবেশ ধারণ করেন, যাতে সন্দেহ এড়ানো যায়।
সুযোগ বুঝে কৌশলে অবস্থান নিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারের পর শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কাওছার শেখকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আরও অপরাধে সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে এবং তদন্ত চলমান রয়েছে।
এএসআই আতাউর রহমান বলেন, ওসি মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ কৌশলে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন পলাতক থাকায় তাকে ধরতে ভিন্ন কৌশল নিতে হয়েছে এবং শেষ পর্যন্ত সফল হওয়া গেছে।