বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, মাদক সেবনে জড়িত কোনো পুলিশ সদস্যকে ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের অনুষ্ঠানে তিনি বলেন, মাদক আমাদের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে।
আইজিপি আরও বলেন, যদি পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক সেবন বা ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকে এবং তার সত্যতা প্রমাণিত হয়, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যেই পুলিশের যে সকল সদস্য মাদকের ব্যবসায় যুক্ত ছিল তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসময় আইজিপি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, পুরস্কার প্রাপ্তি শুধু একটি স্বীকৃতি নয়। এটি দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ এবং নেতৃত্বের প্রতি অনুপ্রেরণা যোগায়। যারা আজ সম্মাননা পাচ্ছেন, আশা করি তারা আগামী দিনে আরও সততা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন এবং অন্যদের জন্য অনুকরণীয় উদাহরণ স্থাপন করবেন।
আইজিপি পুলিশের কর্মক্ষমতা উন্নয়নের পাশাপাশি নৈতিক দিক ও দায়িত্ববোধ বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন। তিনি মনে করিয়ে দেন, পুলিশ বাহিনীর সুনাম ও জনগণের আস্থা বজায় রাখা দেশের নিরাপত্তা ও আইন শৃঙ্খলার জন্য অপরিহার্য।