টালিউডে নতুন বিতর্কের কেন্দ্রে এবার অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী ও পরিচালক দেবালয় ভট্টাচার্য। অভিনেত্রী অঙ্কিতা সরাসরি আইনি পথে হেঁটেছেন পরিচালক দেবালয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিয়ে।
অঙ্কিতা সম্প্রতি কলকাতায় সংবাদ সম্মেলনে জানান, একটি নৈশপার্টিতে পরিচালক তাকে জোর করে নির্জন ঘরে টেনে নিয়ে গিয়ে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। পরিস্থিতি বুঝে তিনি নিজেকে সরিয়ে বেরিয়ে আসেন। আইনজীবী প্রিয়মের মাধ্যমে অঙ্কিতা ইতিমধ্যেই দেবালয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন।
নোটিশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চেয়ে নিজের আচরণের দায় স্বীকার করতে হবে তা না হলে মামলা করা হবে।
অঙ্কিতা উল্লেখ করেন, পরিচালককে আগে থেকেই চিনতাম, তাই পার্টিতে উপস্থিতি নিয়ে কোনও অস্বস্তি ছিল না। আচমকাই তিনি হাত ধরে আমাকে ঘরে টেনে নিয়ে গেলেন।
এর আগেও সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা প্রকাশ করেছেন যে, মদ্যপ অবস্থায় পরিচালক তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন এবং প্রতিবাদ করার পর তাকে কাজ থেকেও সরিয়ে দেওয়া হয়।
অন্যদিকে পরিচালক দেবালয় ভট্টাচার্য অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, “সোশ্যাল মিডিয়ায় আমাকে হেনস্থা করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অভিযোগ আনা হয়েছে। যদি সত্যি হত তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগোনো হত। তিনি নিজেও আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন।
অঙ্কিতা ছোটপর্দার পরিচিত মুখ, ‘ইষ্টিকুটুম’ ধারাবাহিকের মাধ্যমে বিশেষ পরিচিতি পেয়েছেন এবং একাধিক ব্যোমকেশ সিরিজে অভিনয় করেছেন। দেবালয় ভট্টাচার্য ‘ড্রাকুলা স্যার’, ‘মন্টু পাইলট’ ও ‘ইঁদুবালা ভাতের হোটেল’-এর মতো আলোচিত কাজের জন্য পরিচিত।
এখন টালিউডের সকল নজর এই বিতর্কের পরবর্তী ধাপের দিকে যেখানে আইনি লড়াই ও সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়ার প্রভাব গুরুত্ব পাচ্ছে।