মশা দমনের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিদেশ সফরের প্রস্তাব নিয়ে ভিন্নধর্মী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার মতে, মশার প্রকোপ ও তা মোকাবিলার বাস্তব পরিস্থিতি বুঝতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই; দেশের জলাবদ্ধ ও মশাবহুল এলাকাগুলোই যথেষ্ট অভিজ্ঞতা দিতে পারে।
সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দলকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাঠানোর প্রস্তাব সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে জমা দেওয়া ওই প্রস্তাবে মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি সরেজমিনে পরিদর্শনের বিষয়টি উল্লেখ করা হয়েছিল।
প্রস্তাব অনুযায়ী, বিদেশভিত্তিক প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি সফরের ব্যয় বহনে আগ্রহ প্রকাশ করে। সফরের মূল উদ্দেশ্য ছিল মশা দমন কার্যক্রমে ব্যবহৃত প্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন।
তবে এ বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, মশা নিয়ন্ত্রণের কৌশল জানতে বিদেশে যাওয়ার চেয়ে দেশের যেকোনো ডোবা, জলাবদ্ধ এলাকা বা মশার উপদ্রবপূর্ণ স্থানে কয়েক ঘণ্টা অবস্থান করলেই পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব।
প্রধানমন্ত্রীর এই মন্তব্য ইতোমধ্যে প্রশাসনিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকে মনে করছেন, সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা মূল্যায়ন, সরকারি ব্যয় কমানো এবং মাঠপর্যায়ের বাস্তবতাকে গুরুত্ব দেওয়ার বার্তা রয়েছে তার বক্তব্যে।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফর-সংক্রান্ত প্রস্তাবটি নিয়ে নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করা হবে। পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে স্থানীয় সরকার বিভাগ।