বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালির কাছে মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সকালে ঘটেছে এই ঘটনা যা হরমুজ এলাকায় চলমান সামরিক উত্তেজনার মধ্যে আরও জটিল পরিস্থিতি তৈরি করেছে।
নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, হেলিকপ্টারটিতে দুইজন মার্কিন সেনা ছিলেন। দুর্ঘটনার পর তাদের নিরাপদে উদ্ধার করা হয় এবং তাদের শারীরিক অবস্থা ভালো।
যন্ত্রাংশের ত্রুটি, শত্রুপক্ষের গুলি, বা অন্য কোনো কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি। মার্কিন কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা কয়েক মাস ধরে তীব্র যেখানে হরমুজ প্রণালি ক্রমাগত মনোযোগের কেন্দ্রবিন্দু। ইতোমধ্যেই ইরান কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, দুর্ঘটনার সময় পাইলটরা নিরাপদে ছিলেন এবং কেউ আহত হননি।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র অ্যাপাচি হেলিকপ্টার, এমকিউ-৯ রিপার ড্রোন, এফ/এ-১৮ এবং এফ-৩৫ যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। সাম্প্রতিক পরিস্থিতি তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।