দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, বন্যা পরিস্থিতির শুরু থেকেই চট্টগ্রামের সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী। দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তিনি নিয়মিত নির্দেশনা দিচ্ছেন এবং সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদার পুকুরপাড় এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী ফটিকছড়ির বিভিন্ন বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি হালদা নদীর ভাঙনকবলিত স্থান ঘুরে দেখেন, ক্ষয়ক্ষতির খোঁজ নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
এম ইকবাল হোসেইন বলেন, দুর্যোগের শুরু থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। মানুষের কী প্রয়োজন, কোথায় কী ধরনের সহায়তা লাগবে এসব বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি শুক্রবারও প্রধানমন্ত্রী তাকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় চাহিদা জানার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী তিনি ফটিকছড়ি সফর করেছেন বলে জানান।
তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কমাতে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনেও সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যাকবলিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী বিতরণ করেন।