তুরস্ক সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে দেশটি গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৯ জুলাই) তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান তুরস্কের বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ও সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক সক্ষমতা সম্পর্কেও তিনি জানবেন।
এ ছাড়া বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার লক্ষ্যে জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এ সফরের মাধ্যমে দুই দেশের সামরিক সম্পর্ক, প্রতিরক্ষা প্রযুক্তি বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে।