চাঁদপুর-৩ আসনের বিজয়ী বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন পরবর্তী বিশৃঙ্খলার অভিযোগে নিজ দলের পাঁচজন কর্মীকে পুলিশের হাতে সোপর্দ করেছেন।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী সময়ে যখন দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা এবং বিশৃঙ্খলার ঘটনা সংঘটিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয়।
পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে পাঁচজন ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন শহরের ওয়ারলেস বাজার এলাকার নাছির গাজীর ছেলে নাহিদুল ইসলাম জনি (২২), লৎফুর রহমানের ছেলে মোবারক হোসেন বেপারী (২৬), ইব্রাহিম গাজীর ছেলে জনি গাজী (৩০) এবং আরও দুই যুবক মনির ও ফাহিম।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ নিশ্চিত করেছেন, আটক ব্যক্তিদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।