প্রবীণ নাগরিকদের পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য উৎসব ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজায় অবস্থিত বাহারি আহার রেস্টুরেন্টে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হয়ে অনুষ্ঠানটি সন্ধ্যায় শেষ হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ফোরামের প্রায় ৩০০ সদস্য অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্য দেন ফোরামের প্রতিষ্ঠাতা এডমিন সাইদুজ্জামান চপল। অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং ফোরামের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য সিনিয়র কৃষিবিদ প্রকৌশলী রহমতুল্লাহ, সাবেক কূটনীতিক ও লেখক আবদুল্লাহ আল হাসান, মেজর ( অবসরপ্রাপ্ত ) আখতার হোসেন প্রমুখ বিশিষ্ট প্রবীণ ব্যক্তিরা।

ছবি: সংগৃহীত
আলোচনায় অংশ নেন ফোরামের সাবেক সভাপতি এম মোখলেসুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ খবির উদ্দিন, অর্থ সম্পাদক মাজহারুল হক, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল, প্রকাশনা সম্পাদক ফেরদৌসী মজুমদার, ড. ইউসুফ খান, মাহমুদ হোসেন, উমা সাহা, রাশিদা খানম, শফিকুল ইসলাম, উত্তম কুমার রায়, বশিরুল হক, আনোয়ার শিকদার প্রমুখ।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ প্রবীণদের সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি তাদের মানসিক সুস্থতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের একটি বড় অংশজুড়ে ছিল সাংস্কৃতিক পর্ব।
এতে সংগীত পরিবেশন করেন শামীমা আখতার, ময়েজুল ইসলাম, মোক্তার হোসেন, আবুল কাশেম, সালমা আনজুম লতা, মিজানুর রহমান স্বপন, আশরাফুল ইসলাম রাঙ্গা ও হাফিজুর রহমান। কবিতা আবৃত্তি করেন কবি দেলোয়ার হোসেন, ফেরদৌসী মজুমদার ও মীর আনোয়ার হোসেন প্রমুখ।
দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন উপস্থিত সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। র্যাফেল ড্রয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।