নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতা পরিকল্পনা ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। সম্প্রতি এ বিষয়ে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার এবং জেলা পুলিশ সুপারসহ সব ইউনিটকে চিঠি পাঠানো হয়।
এরই মধ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বলেছে, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুনশী শাহাবুদ্দীন এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা এই তথ্য পেয়েছি, সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্সসহ আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নিয়ে কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সম্ভাব্য হামলার শঙ্কা নিয়ে জনমনে উদ্বেগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে—এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি, এটিকে ‘গোপনীয় বিষয়’ বলে উল্লেখ করেন।
সম্প্রতি পুলিশের এক অভ্যন্তরীণ নির্দেশনায় বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতার ঝুঁকি রয়েছে। গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, এই চক্র জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগসহ বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করতে পারে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, বোমা বিস্ফোরণ ছাড়াও দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে বলে গোয়েন্দা তথ্য জানায়।
এ অবস্থায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিটিটিসি জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রয়েছে।