ওয়াশিংটনে হোয়াইট হাউসে আয়োজিত একটি ইউএফসি ইভেন্টকে কেন্দ্র করে ভয়াবহ হামলার পরিকল্পনা ভণ্ডুল করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এ ঘটনায় দেশটির চারটি অঙ্গরাজ্য থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, অভিযুক্তরা বিস্ফোরকবোঝাই ড্রোন ব্যবহার করে আশপাশের ভবনে হামলা চালানো, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করে গুলি ছোড়া এবং পরে হোয়াইট হাউসের ফটকে আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন টাইসেন সি. প্রোপার (১৯), ওহাইও, ব্রায়ান ওমর রোয়া (২৪), ক্যালিফোর্নিয়া, মাইকেল অ্যালান থমাস (৩২), ক্যালিফোর্নিয়া, ড্যানিয়েল কে. এস্ক্রিজ (৩২), মিসৌরি,আব্রাহাম হারমোসিলো আলভারেজ (৩১), নেব্রাস্কা
তদন্তে জানা গেছে, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কসহ আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।
এফবিআইয়ের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা নিজেদের ‘দেশপ্রেমিক’ মনে করলেও তারা বিশ্বাস করত যে যুক্তরাষ্ট্র ভুল পথে পরিচালিত হচ্ছে।
এ কারণে তারা বর্তমান রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নিয়ে অনলাইনে যোগাযোগ শুরু করে। প্রথমে তারা টিকটকের একটি গ্রুপে যুক্ত হয়, পরে এনক্রিপটেড মেসেজিং অ্যাপ ‘সিগন্যাল’-এ গোপনে পরিকল্পনা এগিয়ে নেয়।
তদন্তকারীরা জানান, আব্রাহাম আলভারেজ হামলার সমন্বয় ও ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন। অভিযুক্তরা ওয়াশিংটনের মানচিত্রে সম্ভাব্য স্নাইপার অবস্থান, ড্রোন উড্ডয়নের স্থান এবং বিদ্যুৎ গ্রিডের অবস্থানও চিহ্নিত করেছিল।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, হামলা বাস্তবায়নের আগেই পরিকল্পনাটি শনাক্ত করে নস্যাৎ করা হয়েছে।
অন্যদিকে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি এ বিষয়ে কিছু শুনিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে হোয়াইট হাউসের সাউথ লনে একটি বিশেষ ইউএফসি আয়োজন করা হয়েছিল।
সেখানে প্রায় ৪ হাজার ৩০০ আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন এবং আশপাশে আরও প্রায় ৮৫ হাজার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।
দোষী সাব্যস্ত হলে প্রত্যেক অভিযুক্তের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। মামলার প্রাথমিক শুনানি আগামী ২৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।