পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত খাল পুনঃখনন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার।
আজ বুধবার উপজেলার বহেরাতলা বাজার থেকে আলগী পাতাকাটা বাজার হয়ে ভাঙ্গাপোল অভিমুখ পর্যন্ত চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও আকলিমা আক্তার খাল খনন কাজের অগ্রগতি, খননের গভীরতা, প্রশস্ততা এবং কাজের মান পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, সরকারের এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশত করা হবে না। নির্ধারিত নকশা ও মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কৃষি ও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তো। খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাল পুনঃখনন কার্যক্রমের মাধ্যমে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক করা, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হবে।