প্রায় তিন দশক ধরে ঢালিউডে রোমান্টিক ও ‘মিষ্টি মেয়ের’ ইমেজে দর্শকের হৃদয় জয় করেছেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তবে দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে এবার সেই পরিচিত গণ্ডি ভেঙে একেবারে ভিন্ন রূপে হাজির হওয়ার ইচ্ছার কথা জানালেন তিনি।
জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে পূর্ণিমা বলেন, পর্দায় এমন একটি খলচরিত্রে অভিনয় করতে চান, যেটি দেখে দর্শকের মনে তার প্রতি তীব্র ঘৃণা তৈরি হবে।
অভিনেত্রীর ভাষায়, “আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যাকে মানুষ সত্যিই ঘৃণা করবে।”
পূর্ণিমার মতে, তার কোমল ও পরিচিত চেহারার কারণেই নির্মাতারা কখনো তাকে নেতিবাচক চরিত্রে ভাবেননি। তিনি বলেন, দর্শক বরাবরই তাকে রোমান্টিক ও ইতিবাচক চরিত্রে দেখে অভ্যস্ত। তাই এবার সম্পূর্ণ বিপরীতধর্মী একটি চরিত্রে অভিনয় করে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান।
১৯৯৮ সালে জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পূর্ণিমার। এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে ঢালিউডের জনপ্রিয় নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
তবে গত কয়েক বছর ধরে অভিনয়ে বেশ অনিয়মিত তিনি। মাঝে মধ্যে উপস্থাপনা ও রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব পালন করলেও নতুন সিনেমা বা ওয়েব কনটেন্টে খুব একটা দেখা যায়নি। সর্বশেষ ২০২৪ সালের ঈদে মুক্তি পাওয়া ‘আহারে জীবন’ সিনেমায় অভিনয় করেন তিনি। এখন ভক্তদের অপেক্ষা, পূর্ণিমার সেই কাঙ্ক্ষিত ‘ভিলেন’ রূপ কবে বড় পর্দায় দেখা যাবে।